কুমিল্লার মুরাদনগরে শিক্ষক নেতা কামরুল ইসলাম শাহীনের বিরুদ্ধে ‘দুর্নীতির অভিযোগ’ শিরোনামে ২টি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও তার সমর্থকরা। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল পরিকল্পিতভাবে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এই প্রতিবেদন প্রকাশ করিয়েছে।
প্রকাশিত সংবাদকে “পরিকল্পিত চরিত্রহননের অপচেষ্টা” আখ্যা দিয়ে শিক্ষক নেতা শাহীন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমি দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছি। একটি মহল আমার সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। প্রকাশিত অভিযোগগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।
তিনি আরও দাবি করেন, শিক্ষা অফিস, থানা ও নির্বাচন অফিসে প্রভাব বিস্তারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। বরং তিনি শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসনে সহযোগিতা করে আসছেন বলে উল্লেখ করেন।
তবে ঘটনাটি ঘিরে অনুসন্ধানে একাধিক দৃষ্টিভঙ্গি সামনে এসেছে। স্থানীয় কয়েকজন শিক্ষক ও সচেতন নাগরিকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসনিক দপ্তরগুলোতে ‘প্রভাব খাটিয়ে কাজ ত্বরান্বিত করার সংস্কৃতি’ দীর্ঘদিন ধরেই প্রচলিত। যদিও সংশ্লিষ্ট অভিযোগগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণ উপস্থাপনে অনেকে অনিচ্ছুক কিংবা ভীত বলে জানিয়েছেন।
একজন জ্যেষ্ঠ শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষক নেতা শাহীনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অনেকটাই ভিত্তিহীন বলে প্রতীয়মান হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন জটিলতা নিরসনে ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি না ছড়িয়ে, বাস্তবতা যাচাই করে দেখার পাশাপাশি তার অবদানকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত।
স্থানীয়দের একটি অংশ মনে করছেন, ব্যক্তি দ্বন্দ্ব, গ্রুপিং এবং শিক্ষক সংগঠনভিত্তিক অভ্যন্তরীণ রাজনীতির কারণেও এ ধরনের অভিযোগের জন্ম হতে পারে। প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এমন বিরোধ নতুন নয় বলেও তারা মন্তব্য করেন।
এদিকে, সংবাদ প্রকাশের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন শাহীনের সমর্থকরা। তাদের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই একপাক্ষিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা পেশাগত নীতিমালার পরিপন্থী।
তবে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের একটি অংশ বলছেন, অভিযোগ পাওয়ার পর স্থানীয় বিভিন্ন সূত্র যাচাই করেই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাদের ভাষায়, “অভিযোগ তুলে ধরা সাংবাদিকতার দায়িত্ব, আর তার সত্যতা যাচাই করা সংশ্লিষ্ট প্রশাসনের কাজ।
বর্তমানে পুরো ঘটনাটি ‘অভিযোগ বনাম পাল্টা অভিযোগে’ রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি করেছে।
সচেতন মহলের অভিমত, এমন সংবেদনশীল বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত জরুরি। অন্যথায় একদিকে নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার হতে পারেন, অন্যদিকে প্রকৃত অনিয়মকারীরা থেকে যেতে পারেন আড়ালে।
তারা আরও বলেন, সংবাদকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করা যেমন অনৈতিক, তেমনি অভিযোগ ধামাচাপা দেওয়াও সমানভাবে ক্ষতিকর। সত্য উদঘাটনই হওয়া উচিত মূল লক্ষ্য।





