পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ জুন) দুপুরে জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধনের পর মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি। এ সময় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মোবাশ্বের হোসেন মিতুল, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, বিএনপি নেতা হেদায়েত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় মুরাদনগর উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ৪১ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হবে। স্থানীয়ভাবে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম হাতিয়ার। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।





