মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন। এছাড়াও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, থানা পুলিশ, বিএনপি ও এর অঙ্গসংগঠন, এনসিপি ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার(২১ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা চত্বরের অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ১২টা ১মিনিটে উপস্থিত হয়ে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ফয়সল উদ্দিন, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বিএনপি, এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একুশের প্রভাত ফেরীতে অংশ নিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শহীদ মিনারে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও ভাষা আন্দোলনের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে।





