কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে একটি বিদেশি পিস্তল,একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
অস্ত্র,গুলি ও ম্যাগাজিনসহ মো. মাহাবুব ওরফে মাহাবুব সম্রাটকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(ওসি)মো. সাইফুল ইসলাম।
বুধবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকায় আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিস সংলগ্ন রায়পুর-মালিগাঁও সড়কের পশ্চিম পাশে কাঁচা রাস্তার ওপর এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত হলেন, মো. মাহাবুব ওরফে মাহাবুব সম্রাট (৩৪)। সে কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি (পশ্চিম পাড়া চকের বাড়ী)গ্রামের মোঃ মোশারফ হোসেন ওরফে মকবুল আহাম্মদ মুকুল মেম্বার ছেলে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত আসামী মো. মাহাবুব ওরফে মাহাবুব সম্রাট
তার কোমরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, সংযুক্ত একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি স্বেচ্ছায় বের করে দেন। পরে বিকেল ৪টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ওসি আরও জানায়, গ্রেপ্তারকৃত মো.মাহাবুব ওরফে মাহাবুব সম্রাটের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।





