কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ঢালুয়া ইউনিয়নকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভৌগোলিক বিশালত্ব ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। এলাকাবাসীর পক্ষে এই জোরালো আহ্বান জানিয়েছেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সাবেক সভাপতি ও ঢাকার নয়াপল্টনের গাজীভবন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ শাহ্জাহান সাজু।
ঐতিহাসিক বঞ্চনার ইতিহাস:
নিজের ভেরিফাইড ফেসবুকে শেখ শাহ্জাহান সাজু উল্লেখ করেন, ঢালুয়া অঞ্চলের প্রশাসনিক গুরুত্ব অনুধাবন করে ১৯৭৯ সালে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢালুয়াকে থানা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু স্থানীয় কিছু কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রের কারণে তৎকালীন লাকসাম ও চৌদ্দগ্রাম থানার কিছু অংশ কেটে নিয়ে নাঙ্গলকোটকে থানা হিসেবে গঠন করা হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে নাঙ্গলকোট পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত হলেও বঞ্চিতই থেকে যায় ঢালুয়াবাসী। দুঃখের বিষয়, গত ৪৭ বছরেও ঢালুয়াকে উপজেলা করার জন্য আর কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।
নাগরিক ভোগান্তি ও যুক্তি:
বর্তমানে নাঙ্গলকোট উপজেলাটি ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে একটি বিশাল প্রশাসনিক অঞ্চল। ঢালুয়া থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলা সদরে গিয়ে দৈনন্দিন সরকারি ও প্রশাসনিক সেবা গ্রহণ করা স্থানীয় সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর এবং সময়সাপেক্ষ।
বক্তব্যে দেশের অন্যান্য ছোট উপজেলার উদাহরণ টেনে যৌক্তিকতা তুলে ধরে বলা হয়:
ঢালুয়া ইউনিয়নেই বর্তমানে প্রায় ৬২ হাজার মানুষের বসবাস। অথচ দেশে মাত্র ২৬,৯৩২ জনসংখ্যা নিয়েও ‘জুরাইছড়ি’র মতো উপজেলা রয়েছে।
সম্প্রতি (৭ মে, ২০২৬) সরকার দেশে ৫টি নতুন উপজেলা ঘোষণা করেছে। যার মধ্যে বগুড়ার শিবগঞ্জকে ভেঙে মাত্র ৪টি ইউনিয়ন নিয়ে ‘মোকামতলা’ উপজেলা, লক্ষ্মীপুর সদরের ৯টি ইউনিয়ন নিয়ে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা এবং চকরিয়াকে ভেঙে ‘মাতামুহুরী’ উপজেলা করা হয়েছে।
একটি আদর্শ উপজেলা গঠনের জন্য যেখানে ৫-৭টি ইউনিয়নের প্রয়োজন, সেখানে নাঙ্গলকোটের বিশাল আয়তন ভেঙে ঢালুয়াকে কেন্দ্র করে পাশের ইউনিয়ন- সাতবাড়িয়া, বক্সগঞ্জ, বটতলী, দোঁলখা, জোডড পূব,মৌকরার একটি অংশ নিয়ে নতুন উপজেলা গঠন করা এখন সময়ের দাবি।
এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রতি আস্থা:
সম্প্রতি কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মহান জাতীয় সংসদে ‘ভুছি’ অঞ্চলকে পৌরসভা করার দাবি উত্থাপন করায় তাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সিজিয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক এই সভাপতি শাহ্জাহান সাজু দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন,
“আমাদের জননন্দিত এমপি মহোদয়ের নিকট অসম্ভব বলে কিছু নেই। বিগত ৪৭ বছরে যা সম্ভব হয়নি, তাঁর দূরদর্শী নেতৃত্বে ঢালুয়াকে উপজেলায় রূপান্তর করা সম্ভব বলে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি।”
প্রত্যাশিত উন্নয়ন
ঢালুয়াকে নতুন উপজেলা ঘোষণা করা হলে দেশের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা আরও সহজতর হবে। এর ফলে স্থানীয় বাসিন্দারা সরকারি সুযোগ-সুবিধা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে সরাসরি সরকারি দপ্তরের সেবা পাবেন, যা পুরো অঞ্চলের সার্বিক উন্নয়নকে বহুগুণ ত্বরান্বিত করবে। অবহেলিত ঢালুয়াবাসীর এই ন্যায্য দাবি আদায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের জনগণ।





