কুমিল্লায় স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা টাউন হল মাঠে এ মেলার আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’ এ মেলার আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, রেইজ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা জেলার শহর ও উপশহর এলাকার প্রান্তিক তরুণ-তরুণীদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরের অধীনে ‘ওস্তাদ-শিষ্য’ পদ্ধতিতে কারিগরি দক্ষতা প্রদান করা হয়। এই প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমের আওতায় যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি সুসংহত সেতুবন্ধন তৈরি করাই ছিল এই মেলার মূল লক্ষ্য।
মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী।
পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইসহাক এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি ডা. এ কে এম আব্দুস সেলিম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সুজনের কুমিল্লা জেলা সভাপতি শাহ মো. আলমগীর খান এবং বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবির সাজ্জাদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। প্রথাগত শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রায়োগিক কারিগরি প্রশিক্ষণ এবং সরাসরি চাকরি মেলার আয়োজন বেকারত্ব দূরীকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’
দিনব্যাপী এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের উপপরিচালক (ক্রেডিট) ও রেইজ প্রকল্পের ফোকাল পারসন চৌধুরী শওকত আহমেদ এবং উপ-পরিচালক (এমআইএস) বিকাশ চন্দ্র সাহা।





