কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ও কৃত্রিম সংকট রোধে পাঁচটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানকালে আদর্শ সদরের মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইস্টার্ন সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
আদালত সূত্র জানায়, কোনো প্রতিষ্ঠান যেন অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই তদারকি। অভিযানে ফিলিং স্টেশনগুলোর দৈনন্দিন মজুতের তথ্যের সাথে স্টক রেজিস্টারে সংরক্ষিত তথ্যের মিল আছে কিনা, তা নিবিড়ভাবে যাচাই করা হয়। এছাড়া গ্রাহকদের পরিমাপে কম দেওয়া হচ্ছে কিনা এবং ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা-সে বিষয়েও তদারকি করা হয়।
উক্ত অভিযান শেষে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনে সুনির্দিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা জানান,”বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় আমাদের এই কঠোর মনিটরিং ব্যবস্থা। অনিয়ম রোধে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





