কুমিল্লার লালমাই উপজেলায় মা হারা এতিম এক শিশুর ওপর সৎ মায়ের নির্যাতনের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে একটি ভিডিও ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়ে যায়। আজ মঙ্গলবার (২৪ মার্চ) ভিডিওকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা সমাধান করা হয়।
ভিডিওতে দেখা যায়, শিশুটি তার মায়ের কবরের পাশে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে। বার বার বলে উঠছে মা তুমি আমাকে নিয়ে যাও! হৃদয়বিদারক এ দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়।
স্থানীয়রা জানান, ৪ বছর পূর্বে শিশু সামিয়ার মা মৃত্যু বরন করেন। তারপর, বাবা সোয়াব দ্বিতীয় বিয়ে করেন। সংসারে সৎ মায়ের কাছে থাকতে শুরু করেন সামিয়া। বর্তমানে সোয়াব সৌদি প্রবাসী। নাম প্রকাশে অনিশ্চুক পাশ্ববর্তী বাড়ির কয়েকজন নারী বলেন, প্রতিদিন সামিয়ার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে তারই সৎ মা।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর নজরে আসার সাথে সাথেই (মঙ্গলবার) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেনের মাধ্যমে শিশু সামিয়া ও সৎ মা আয়শা আক্তার’কে উপজেলায় নিয়ে আসা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, মৎস অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রন্জিত সেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঘটনার বিষয়ে, শিশু সামিয়ার সৎ মা আয়েশা আক্তার সবার সম্মুখে নিজের ভুল স্বীকার করে নেন এবং ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। আগামীদিনে নিজের সন্তানের মতো করে সামিয়াকে বড় করবেন এমন প্রতিশ্রুতি ও প্রদান করেন।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু বলেন, অভিযুক্ত আয়শা আক্তারকে এক মাসের জন্য সতর্কতামূলক সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে একই ধরনের অভিযোগ পুনরায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়াকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।





