কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) ভোরে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে। গ্রেফতার কিশোরী নাঈমা জাহান (১৫) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের রবিউল মৃধার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, প্রায় তিন বছর ধরে সিয়াম ও নাঈমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ সম্পর্কের জেরে বিয়ে ও গর্ভপাতের বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে ভোরে সিয়ামের বাড়িতে অবস্থানকালে নাঈমা তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ করে স্বজনরা। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে এবং অভিযুক্ত নাঈমাকে গ্রেফতার করেছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমের সম্পর্ক, গর্ভধারণ ও গর্ভপাতসংক্রান্ত তথ্য উঠে এসেছে। তবে এসব বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।





